মেসির নেতৃত্বে দুর্দান্ত কামব্যাক, স্পেনের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ফুটবলে কিছুই নিশ্চিত নয়—আর মাঠে যদি থাকেন লিওনেল মেসি, তাহলে সেই সত্য আরও স্পষ্ট হয়ে ওঠে। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে এবার তাদের প্রতিপক্ষ স্পেন।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। চতুর্থ মিনিটেই এনসো ফার্নান্দেসের ট্যাকলে এলিয়ট অ্যান্ডারসন পড়ে গেলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে রেফারি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শুরুর দিকে ইংল্যান্ড কয়েকটি আক্রমণ গড়ে তুললেও ধীরে ধীরে বলের দখল ও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় আর্জেন্টিনা। অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন ও মর্গান রজার্সদের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয় এমিলিয়ানো মার্তিনেসের দৃঢ়তায়। অন্যদিকে মেসি ও এনসো ফার্নান্দেসও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ম্যাচে আসে প্রথম গোল। ৫৫তম মিনিটে মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে মর্গান রজার্সের বাড়ানো নিখুঁত ক্রস থেকে কাছ থেকে জালে বল পাঠিয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন।

গোল হজমের পর আক্রমণের তীব্রতা বাড়ায় আর্জেন্টিনা। জুলিয়ানো সিমেওনের নিশ্চিত গোল জেড স্পেন্সের অসাধারণ ট্যাকলে রক্ষা পায় ইংল্যান্ড। এরপর নিকো গনসালেসের হেড এবং আলেক্সিস মাক আলিস্তারের হেড পোস্টে লেগে ফিরে এলে আর্জেন্টিনার হতাশা আরও বাড়ে। অন্যদিকে দুর্দান্ত কয়েকটি সেভ করে ইংল্যান্ডকে এগিয়ে রাখেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

তবে শেষ কয়েক মিনিটেই বদলে যায় পুরো ম্যাচের চিত্র। ৮৬তম মিনিটে লিওনেল মেসির দুর্দান্ত উদ্যোগে বল পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে সমতা ফেরান এনসো ফার্নান্দেস।

সমতায় ফেরার পরও থামেনি আর্জেন্টিনা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মাক আলিস্তারের শট পোস্টে লেগে ফিরে এলে বল নিয়ন্ত্রণে নিয়ে ডান প্রান্ত থেকে নিখুঁত ক্রস দেন মেসি। সেই ক্রসে বদলি হিসেবে নামা লাউতারো মার্তিনেস শক্তিশালী হেডে জালে বল জড়িয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে।

শেষ দিকে ইভান টনি ও মার্কাস রাশফোর্ডকে নামিয়ে সমতায় ফেরার চেষ্টা চালায় ইংল্যান্ড। তবে অভিজ্ঞ আর্জেন্টাইন রক্ষণভাগ এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের দৃঢ়তায় আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি থ্রি লায়ন্স।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে আর্জেন্টিনা। ১-০ গোলে পিছিয়ে থেকেও লিওনেল মেসির অনুপ্রেরণায় দুর্দান্ত প্রত্যাবর্তন করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে স্কালোনির শিষ্যরা। এখন শিরোপা ধরে রাখার লড়াইয়ে তাদের সামনে অপেক্ষা করছে শক্তিশালী স্পেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top