চট্টগ্রামে আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা দেখার সময় তরুণকে ছুরিকাঘাত

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ফুটবল ম্যাচ উপভোগ করতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক তরুণ আহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে জনসমাগমের মধ্যে এ হামলার ঘটনা ঘটে।

আহত মো. আসাদুল হক (২১) বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার শিকদার বাড়ির ইয়াছিন আলীর ছেলে। বর্তমানে তিনি নগরীর হামজারবাগ এলাকায় বসবাস করছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, ম্যাচ চলাকালে দুই নম্বর গেট এলাকায় বিপুল দর্শকের ভিড়ের মধ্যে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত আসাদুল হককে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে রাত ২টা ২৯ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। পুলিশ জানিয়েছে, বর্তমানে আসাদুল হকের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ

Scroll to Top