শিল্পী দীপ্রকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবককে লিগ্যাল নোটিশ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী দীপ্র বড়ুয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও ধর্মীয় উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে হাটহাজারীর এক যুবকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (৮ জুন) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট বিশাল দাশ গুপ্তের মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, দীপ্র বড়ুয়া একজন বৌদ্ধ ধর্মাবলম্বী ও পরিচিত সঙ্গীতশিল্পী। তিনি সকল ধর্মের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা ও ভক্তির সহিত গানবাজনা করেন।

সম্প্রতি ঈদুল আজহায় গরুর মাংস খাওয়ার পর অসুস্থ হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি হন। পরে নিজের ফেসবুক আইডি থেকে চিকিৎসাধীন অবস্থার একটি ছবি পোস্ট করেন। সেই পোস্টকে কেন্দ্র করে ঝোটন নন্দী নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পীর বিরুদ্ধে কটূক্তি, বিভ্রান্তিকর ও ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য ছড়ান বলে অভিযোগ করা হয়েছে।

লিগ্যাল নোটিশে দাবি করা হয়, ওই পোস্ট ও পরবর্তী শেয়ার-রি-শেয়ারের কারণে শিল্পীর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে সব পোস্ট, ভিডিও ও মন্তব্য মুছে ফেলা এবং প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top