শাপলা চত্বর মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

এর আগে একই দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অন্য একটি মামলায় হাজিরা দিতে গিয়ে লতিফ সিদ্দিকী সাংবাদিকদের জানান, শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তিনি বলেন, গ্রেপ্তার না হলে আগামী রবিবার বা সোমবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করার পরিকল্পনা ছিল।

তিনি আরও বলেন, আদালতে উপস্থিত না হলে আত্মগোপনে আছেন—এমন ধারণা তৈরি হতে পারত। তাই তিনি স্বেচ্ছায় আদালতে হাজির হয়েছেন।

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী এর আগেও জুলাই অভ্যুত্থানের পর গত বছরের আগস্টে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠান থেকে গ্রেপ্তার হন। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে আসামি করা হয়। কয়েক মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পেলেও সেই মামলার বিচারিক কার্যক্রম এখনো চলমান এবং নিয়মিত আদালতে হাজিরা দিতে হচ্ছে।

তবে শাপলা চত্বরের ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন সাবেক এই মন্ত্রী। তার ভাষ্য, ঘটনার সময় তিনি মন্ত্রী থাকলেও ওই অভিযান বা সংশ্লিষ্ট কোনো সিদ্ধান্ত সম্পর্কে তার কোনো জ্ঞান বা ভূমিকা ছিল না।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top