শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে, রেল চলাচল স্থগিত করা হয়েছে।

ভূমিকম্পের পর সুনামি ও পরাঘাত (আফটারশক) নিয়ে সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে কুমামোতো প্রিফেকচারের কেন্দ্রস্থলে ভূমিকম্পটি আঘাত হানে।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পের পর সর্বোচ্চ ১ মিটার (৩ দশমিক ২৮ ফুট) উচ্চতার সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

ভূমিকম্পের পর জাপান সরকার কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি প্রিফেকচারের জন্য জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে।

ভূমিকম্পে কিউশু ইলেকট্রিক পাওয়ার কোম্পানির তথ্য অনুযায়ী, প্রায় ৪০ হাজার বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

একই সঙ্গে রেলওয়ে কোম্পানি জেআর কিউশু তাদের সব ধরনের ট্রেন চলাচল, দ্রুতগতির শিনকানসেন (বুলেট ট্রেন) সেবাসহ, সাময়িকভাবে বন্ধ রেখেছে।

কিউশু অঞ্চলে বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর চুক্তিভিত্তিক উৎপাদনকারী প্রতিষ্ঠান টিএসএমসি এবং প্রযুক্তি প্রতিষ্ঠান সনির কারখানা রয়েছে। সনির এক মুখপাত্র জানিয়েছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে টিএসএমসি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে, জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর ওই অঞ্চলের কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অস্বাভাবিকতা শনাক্ত হয়নি।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আগ্নেয়গিরি ও সমুদ্রগর্ভস্থ খাতঘেরা ‘রিং অব ফায়ারে’ অবস্থিত হওয়ায় জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটিতে গড়ে প্রতি পাঁচ মিনিটে অন্তত একটি ভূমিকম্প অনুভূত হয়। বিশ্বে ৬ বা তার বেশি মাত্রার প্রায় ২০ শতাংশ ভূমিকম্প জাপানেই ঘটে।

১০ বছর আগে কুমামোতোতে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে সরকারি হিসাব অনুযায়ী ২৭৫ জন নিহত এবং দুই হাজার ৭৩৯ জন আহত হন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top