রাঙ্গুনিয়ায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় বাবা-মায়ের সাথে বেড়াতে গিয়ে অটোরিক্সা যোগে ফেরার পথে মায়ের কোল থেকে পড়ে মো. রাহাত (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা সদরের জাকির হোসেন সড়কের মদিনা টাওয়ারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু রাহাত মরিয়মনগর সৈয়দবাড়ির প্রবাসী মো. রুবেলের সন্তান।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রাহাত ইছাখালী আদিলপুর এলাকার জাহেদ নামের এক প্রবাসীর বাড়িতে বাবা-মায়ের সাথে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে অটোরিক্সায় করে বাড়ি ফেরার পথে মদিনা টাওয়ারসংলগ্ন এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।

​ঘটনার প্রত্যক্ষদর্শী মো. রিদুয়ান হাসান ও একই গাড়িতে থাকা মো. জামশেদ জানান, চলন্ত অটোরিক্সা থেকে হঠাৎ মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায় শিশুটি। এসময় অটোরিকশার একটা চাকা শিশুটির বুকের উপর দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়।

পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ

Scroll to Top