রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে অবৈধভাবে সার মজুদ করে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে বিক্রির দায়ে একটি দোকানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান মালিককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে মজুদ করা ৯০ বস্তা সার জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাউজান উপজেলা সদরের ফকিরহাট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, অবৈধভাবে সার মজুদ করে তা সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে বিক্রির দায়ে দোকান মালিক আরফান সিকদারকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ১২(২) ও ১২(৩) ধারা এবং ফৌজদারি কার্যবিধির ১০৩ ধারার বিধান অনুসরণ করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
অভিযানকালে প্রস্তুত করা জব্দ তালিকা অনুযায়ী, দোকান থেকে টিএসপি ও টিএসপি কমপ্লেক্স সার ৫৯ বস্তা, ডিএপি ১০ বস্তা এবং এমওপি সার ২১ বস্তা জব্দ করা হয়। জব্দকৃত সারের আনুমানিক মূল্য ১ লাখ ৪২ হাজার ৪৫০ টাকা।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম জানান, বিভিন্ন স্থানে অবৈধভাবে সার মজুদ এবং অতিরিক্ত মূল্যে কৃষকদের কাছে বিক্রির অভিযোগের ভিত্তিতে ফকিরহাট এলাকায় একটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা সারগুলোও জব্দ করা হয়েছে।
কৃত্রিম সার সংকট সৃষ্টি এবং অতিরিক্ত মূল্যে সার বিক্রি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/জয়নাল/জেএইচ





