রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে মায়ের শাসন ও বকাঝকার প্রতি অভিমান করে আসমাউল হুসনা (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (৩ জুন) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘাগড়াখিল এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত আসমাউল হুসনা উপজেলার পারুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জঙ্গল পারুয়া এলাকার আরিফুল ইসলামের মেয়ে। সে আলমশাহ পাড়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। বর্তমানে পরিবারসহ তারা লালানগর ইউনিয়নের ঘাগড়াখিল এলাকার ইউনুচ ম্যানশনে ভাড়া বাসায় বসবাস করছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পারিবারিক বিষয় নিয়ে আসমাউল হুসনাকে তার মা নুর ফাতেমা বকাঝকা ও শাসন করেন। এরপর বুধবার সকালে পরিবারের অন্য সদস্যদের রেখে তার বাবা-মা নানার বাড়িতে বেড়াতে যান।
ধারণা করা হচ্ছে, মায়ের বকাঝকার প্রতি অভিমান থেকে পরিবারের অগোচরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. জহির উদ্দিন জানান, ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





