চাটগাঁ নিউজ ডেস্ক: গ্রাহক ও পাইকারি উভয় পর্যায়েই বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট (কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুতের দাম ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুন মাসের বিলিং চক্র থেকেই এই নতুন হার কার্যকর হবে।
বুধবার (৩ জুন) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিইআরসি নতুন বিদ্যুৎ মূল্য ঘোষণা করে।
একই সঙ্গে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দামও বৃদ্ধি করা হয়েছে। নতুন হার অনুযায়ী, পাইকারি বিদ্যুতের মূল্য প্রতি ইউনিট ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সঞ্চালন চার্জও বাড়ানো হয়েছে। আগে যেখানে এ চার্জ ছিল প্রতি ইউনিট ০.৩১৩৫ টাকা, তা বৃদ্ধি করে ০.৩৮৮৬ টাকা করা হয়েছে।
এর আগে গত ২০ ও ২১ এপ্রিল বিদ্যুতের মূল্য সমন্বয়ের প্রস্তাব নিয়ে দুই দিনব্যাপী গণশুনানির আয়োজন করে বিইআরসি। ওই শুনানিতে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি ইউনিটপ্রতি ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির প্রস্তাব দেয়।
প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ৮৫ পয়সা, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করেছিল। গণশুনানি শেষে কমিশন মূল্য পুনর্নির্ধারণের এই সিদ্ধান্ত নেয়।
চাটগাঁ নিউজ/এমকেএন





