রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন সরফভাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান তাদের দণ্ড দেন।
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দীন আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সরফভাটা সিকদারপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে বাচ্চু (৩৮) এবং মধ্যম সরফভাটা এলাকার জয়নাল আবেদীন সুমনের ছেলে মো. রেজভী (২৫) গ্রেপ্তার হন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে গত শনিবার সরফভাটায় একজনকে এবং গত বৃহস্পতিবার রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ উপজেলায় পৃথক একটি বিশেষ অভিযান পরিচালনা করে। রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. জহির উদ্দিনের নেতৃত্বে ওই অভিযানে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নয়জনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়।
সংশ্লিষ্টরা জানান, রাঙ্গুনিয়াজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





