ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফ, ভূজপুর ও ফটিকছড়ি থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন স্থান থেকে ১০ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে পৃথক ১০টি মামলা দায়ের করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে এক মাস, তিনজনকে ১৫ দিন, চারজনকে ৮ দিন এবং দুইজনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে মোট ২ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ বলেন, মাইজভাণ্ডার দরবার শরীফসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জনসমাগমপূর্ণ এলাকার পরিবেশ সুরক্ষা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। মাদকের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে।
স্থানীয়রা এ অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, শুধু মাদকসেবীদের আটক করে জরিমানা বা কারাদণ্ড দিলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। মাদকের উৎস, সরবরাহকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। এতে মাদকের বিস্তার রোধের পাশাপাশি এলাকায় নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন





