চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশে একই পুকুরের পানিতে ডুবে আরাফ হোসেন (৬) ও মো. রিহান (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল মুবিন জানান, প্রবাসী মনসুর আলীর ছেলে আরাফ হোসেন এবং তার বোনের ছেলে মো. রিহান দুপুরে বাড়ির আশপাশে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়।
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে স্বজনরা পুকুরে জাল ফেলেন। প্রায় আধা ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে তাদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত আরাফ হোসেন প্রবাসী মনসুর আলীর বড় ছেলে। অন্যদিকে রিহানের বাবা আজাদ হোসেন বান্দরবানের বাসিন্দা এবং বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। আরাফ ও রিহান দুজনই পরিবারের বড় ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মনসুর আলীর আরেক ছেলের বয়স মাত্র তিন মাস। আর আজাদ হোসেনের আরেক ছেলের বয়স এক বছর। পরিবারের দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে উভয় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
রবিবার রাত ৮টার দিকে বরকল ইউনিয়নের কানাইমাদারী নিদাগীর পাড়ায় পারিবারিক কবরস্থানে আরাফ হোসেনের দাফন সম্পন্ন হয়। আর রিহানের মরদেহ তার গ্রামের বাড়ি বান্দরবানে নিয়ে যাওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





