রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন— চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের লিচুবাগান ফেরিঘাট এলাকার মৃত মনু মিয়ার ছেলে মো. মানিক (৩৫), হোছনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরিপুরপাড়ার প্রদীপ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস এবং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকার মৃত আলী হাওলাদারের ছেলে মো. সুমন (৩৫)।
আদালত পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ স্বীকার করায় মো. মানিক ও মো. সুমনকে ৭ দিনের কারাদণ্ড এবং অপু বিশ্বাসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তিনজনকেই অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





