রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার হরিণগেট এলাকায় গাছবোঝাই একটি নসিমনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে হাফেজ মাওলানা নুরুল হক প্রকাশ কালাচাঁন (৫৩) নিহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ মাওলানা নুরুল হক রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার বাসিন্দা। তিনি এলাকায় একজন সম্মানিত হাফেজ ও আলেম হিসেবে সুপরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের হরিণগেট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি নসিমনকে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী মাওলানা নুরুল হক গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





