খাল দখল ও ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: চসিক মেয়র

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে খালগুলোর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে অবৈধ দখল, ময়লা-আবর্জনা ফেলা এবং যেকোনো ধরনের প্রতিবন্ধকতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) নগরীর বারাইপাড়া খাল পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং চলমান পরিচ্ছন্নতা ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।

পরিদর্শনের সময় মেয়র খালের বর্তমান অবস্থা, পানি প্রবাহের পরিস্থিতি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রকৌশলী ফরহাদুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেয়র সংশ্লিষ্টদের খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে নিয়মিত তদারকি, আবর্জনা অপসারণ এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন।

তিনি বলেন, নগরীকে স্থায়ীভাবে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্ত করতে খালগুলো সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য খাল দখল, বর্জ্য ফেলা কিংবা পানি চলাচলে বাধা সৃষ্টি করার মতো কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, একটি পরিচ্ছন্ন ও নিরাপদ নগর গড়ে তুলতে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতন অংশগ্রহণও জরুরি। তিনি সবাইকে খাল-নালা পরিষ্কার রাখা, যেখানে-সেখানে বর্জ্য না ফেলা এবং পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন নিয়মিতভাবে খাল ও নালা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করছে। কোথাও অবৈধ দখল বা পানি প্রবাহে বাধা সৃষ্টি হলে দ্রুত তা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ এবং জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ে তুলতে চসিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top