রাঙ্গুনিয়ায় ছাদের র‍্যালিং থেকে ছিটকে পড়ে এক শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর এলাকায় ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুরের দিকে ইউনিয়নের বগাবিলী ২ নম্বর ওয়ার্ডের মৌলভীর টিলা নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নিশাত ওই এলাকার আব্দুস ছবুরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় নিশাতের মা সুলতানা আক্তার দুপুরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে নিশাত বাড়ির ছাদে ফুলের বাগান দেখতে যায়। একপর্যায়ে ছাদের র‍্যালিং থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হয়।

জুমার আজানের সময় নিশাতের চাচি জান্নাতুল কাউছার ছাদে গিয়ে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি পরিবারের অন্য সদস্যদের ডাকলে দ্রুত শিশুটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী রাঙ্গামাটির কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. হোসেন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। শিশুটি ছাদের ওপর ফুলের বাগান দেখতে গিয়ে ছাদের র‍্যালিং থেকে পড়ে গেছে বলে জানতে পেরেছি। বিষয়টি খুবই দু:খজনক।’

এদিকে শিশুটির এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ

Scroll to Top