রাঙ্গুনিয়ায় চিমনি-কিলন ভেঙে গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ ইটভাটা
জরিমানা লাখ টাকা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে দিনব্যাপী উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা এলাকায় পরিচালিত অভিযানে একটি অবৈধ ইটভাটার চিমনি ও কিলন এক্সকাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং অপর একটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এই সমন্বিত অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারা লঙ্ঘন করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করায় এ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানকালে বানিয়াখোলা এলাকার মেসার্স খাজা আজমির ব্রিকস ম্যানুফ্যাকচারিং (KMR) নামের অবৈধ ইটভাটার চিমনি ও কিলন ভেঙে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। একই সঙ্গে পার্শ্ববর্তী মেসার্স খাজা ব্রিকস ম্যানুফ্যাকচারিং (KBM) নামের অপর একটি ইটভাটাকে পরিবেশগত ছাড়পত্র ও আইনি শর্ত ভঙ্গের দায়ে ৫ লাখ টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও কর্মকর্তা কাজী ইফতেকার উদ্দিন।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তায় এসআরবি-০৭ (SRB-07) চট্টগ্রাম, আনসার সদর দপ্তর ও রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালন করে। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণসহ সার্বিক সহায়তা প্রদান করে রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ সমিতি।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান জানান, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স নীতি ও উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ

Scroll to Top