রাঙ্গুনিয়ায় খালে পড়ে প্রাণ গেল হিফজ শিক্ষার্থীর

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় রাজখালী খালে পড়ে মো. মিনহাজ (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খতিব নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনহাজ ওই এলাকার মো. ইব্রাহিমের ছেলে। সে ইসলামপুর তৈয়্যবিয়া তাহেরিয়া ছত্তারিয়া সুন্নিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ হয়ে পড়ায় তিন দিন আগে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে মিনহাজকে বাড়িতে নিয়ে যান তার মা। শনিবার সকাল ১১টার দিকে তাকে আবার মাদ্রাসায় নিয়ে যাওয়ার কথা ছিল। এর আগে সকালে বন্ধুদের সঙ্গে সাইকেল নিয়ে বের হয় মিনহাজ।

একপর্যায়ে নিজের সাইকেল বাড়িতে রেখে বন্ধুর সাইকেলে করে ঘুরতে বের হয় সে। পরে রাজখালী খালের পাড় দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত সাইকেল থেকে খালে পড়ে যায় মিনহাজ।

পেছনে থাকা তার এক বন্ধু বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে খাল থেকে উদ্ধার করেন। পরে দ্রুত রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন।

মিনহাজের মৃত্যুতে শোক প্রকাশ করে মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আলম বলেন, মুহাম্মদ মিনহাজ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। অল্প সময়ের মধ্যেই সে পবিত্র কোরআনের চার পারা হিফজ করেছিল। তার এমন আকস্মিক মৃত্যুতে আমরাও গভীরভাবে শোকাহত।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top