রাঙ্গুনিয়ায় কিশোর খুন: মা ও মৃত যুবকের বিরুদ্ধে হত্যা মামলা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্মশানে মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার হওয়া কিশোর মো. মফিজ (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। মামলায় নিহতের মা রুবি আক্তার এবং বিষপানে আত্মহত্যা করা স্থানীয় যুবক মাহবুব আলম ওরফে মাকু আলমসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (২৩ মে) নিহত কিশোরের বাবা মো. আবু মুছা বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলাটি দায়ের করেন। এদিকে গ্রেপ্তারকৃত রুবি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দণ্ডবিধির ৩০২ (হত্যা), ২০১ (আলামত গোপন বা লাশ গুমের চেষ্টা) এবং ৩৪ (পরস্পর যোগসাজশে অপরাধ সংঘটন) ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গতকালই ভিকটিমের মা রুবি আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, মামলার তদন্ত কার্যক্রম পুরোদমে চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং সংগৃহীত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ১৬ মে দুধপুকুরিয়া এলাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় কিশোর মফিজ। নিখোঁজের ছয় দিন পর শুক্রবার (২২ মে) সকালে স্থানীয় একটি শ্মশান থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, মায়ের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় মফিজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ ঘটনার পর গত ২১ মে প্রধান অভিযুক্ত যুবক মাকু আলম বিষপানে আত্মহত্যা করেন।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top