চাটগাঁ নিউজ ডেস্ক: পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে ইনতিশার হাসনাত (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৯ জুন) রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ডুবুরি দল সন্ধ্যার দিকে উক্ত শিক্ষার্থীকে মৃত অবস্থায় উদ্ধার করে। এর আগে আনুমানিক বিকেল তিনটার দিকে সাঁতার কাটতে গিয়ে তিনি নিখোঁজ হন।
জানা গেছে, মৃত ইনতিশার হাসনাত কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাসিন্দা মো. বেলালের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রাম থেকে আগত চারজন বন্ধু মঙ্গলবার বিকেলে নৌকাযোগে কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হন। নৌকাটি চক্রপাড়া সংলগ্ন বালুচর নামক স্থানে পৌঁছালে তারা নৌকা থেকে পানিতে সাঁতার কাটতে নামেন। এসময় বন্ধুদের সঙ্গে ইনতিশার হাসনাত (২২) সাঁতরে হ্রদের একটু গভীর চলে গেলে ডুবে নিখোঁজ হয়ে যান।
এ ঘটনার পর রাঙামাটি ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে একটি ডুবুরি ইউনিট দ্রুত স্পিডবোডযোগে ঘটনাস্থলে পৌঁছে হ্রদের ২৫ ফুট গভীর তলদেশ থেকে নিখোঁজকে অচেতন অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্স করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক নিউটন দাস বলেন, বিকেল ৫টার দিকে এক পর্যটকের নিখোঁজের খবর পাই। প্রায় ঘন্টাখানেক উদ্ধার কাজ চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি প্রক্রিয়া তারা সম্পন্ন করবে।
চাটগাঁ নিউজ/জেএইচ





