কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের জাতীয় উদ্যানে একটি মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছে।
বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের বনকর্মীরা বানরটিকে তার প্রাকৃতিক আবাসে অবমুক্ত করেন।
এ সময় কর্ণফুলী রেঞ্জের ডেপুটি রেঞ্জার আবু নাঈম, মিঠু তালুকদার ও ওসমান গনিসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন দুপুর ১২টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. সাজ্জাদ হোসেনের নির্দেশনায় রাঙামাটির বরকল উপজেলার ১৫১ নম্বর গর্জনতলী মৌজার লোকালয় থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করেন বরকল রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন। পরবর্তীতে বানরটির উপযুক্ত আবাসস্থল বিবেচনায় কাপ্তাই জাতীয় উদ্যানের কর্ণফুলী রেঞ্জে অবমুক্ত করার জন্য সেটি হস্তান্তর করা হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বরকল রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, উদ্ধারকৃত লজ্জাবতী বানরটি আইইউসিএন (IUCN) রেড লিস্ট অনুযায়ী ‘বিপন্ন’ (Endangered) শ্রেণিভুক্ত। কাপ্তাই জাতীয় উদ্যানে এ প্রজাতির বানর মাঝে মধ্যেই দেখা যায়।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন






