ঈদগাঁও বাসস্ট্যান্ডে মিলল নিখোঁজ কিশোর

ঈদগাঁও প্রতিনিধি: বরিশাল নগরীর ভাটিখানা এলাকা থেকে নিখোঁজ হওয়া কালেক্টরেট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সৌরভ দাস শান (১৩) চার দিন পর কক্সবাজারের ঈদগাঁও থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) রাত সাড়ে ৩টার দিকে ঈদগাঁও থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে। পুলিশ ধারণা করছে, ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত স্কোপোলামিন মাদকের প্রভাবে সে অপহরণের শিকার হয়েছিল।

সূত্র জানায়, গত ২ মে (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে মায়ের জন্য খিচুড়ি কিনতে বাসা থেকে বের হয় সৌরভ। বের হওয়ার সময় সে একটি বিকাশের দোকান থেকে আট হাজার টাকা উত্তোলন করে। এরপর থেকেই সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। একই রাতে তার ব্যবহৃত মোবাইল ফোনটি একটি স্কুল মাঠ থেকে উদ্ধার করা হয়, যা এক অপরিচিত ব্যক্তি কুড়িয়ে পান।

এ ঘটনায় সৌরভের পরিবারের পক্ষ থেকে বরিশালের কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার জানান, রাত ৩টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় ক্লান্ত অবস্থায় সৌরভকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় দোকানিদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসংগতি লক্ষ্য করলে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, সৌরভের পকেটে দূরপাল্লার বাসের দুটি টিকিট এবং মাত্র ১০ টাকা পাওয়া গেছে।

পরে একই দিন রাত পৌনে ৯টার দিকে সৌরভকে তার মামা দীপ্ত কুমার দাশের কাছে হস্তান্তর করা হয়।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top