চাটগাঁ নিউজ ডেস্ক: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (৫ জুলাই) বিকেলে রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং–সংলগ্ন কসমস হোটেল প্রাঙ্গণ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার একটি রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বৃষকেতু চাকমা। আদালত তার জামিন মঞ্জুর করেন। পরে তিনি ও গিয়াস উদ্দিন তাদের আইনজীবীর চেম্বারে গেলে সেখান থেকে পুলিশ তাদের আটক করে।
রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, বিকেল ৩টার দিকে শহরের হোটেল কসমসের পেছনের একটি বাসা থেকে বৃষকেতু চাকমাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, কোতোয়ালী থানায় দায়ের হওয়া ‘ডেভিল হান্ট’–সংক্রান্ত একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুজনকে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
চাটগাঁ নিউজ/জেএইচ






