রাউজানে গাছের টুকরোর আঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলায় গাছের মালিকানা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ব্যবসায়ী আবদুল মান্নান (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত হওয়ার পাঁচদিন পর রবিবার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী এলাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আবদুল মান্নান রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জানেপাথর এলাকার কবির আহম্মেদের ছেলে।

নিহতের ভাই লোকমান সওদাগর জানান, গত ২৫ জুন গাছের মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি ওই সালিশে বিচারকের দায়িত্ব পালন করেন। সালিশের সিদ্ধান্ত এক পক্ষের অনুকূলে না যাওয়ায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তার ভাই আবদুল মান্নানের ওপর গাছের টুকরো দিয়ে হামলা চালায়।

আহত অবস্থায় প্রথমে তাকে রাউজানে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নগরের বায়েজিদ বোস্তামী এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লোকমান সওদাগর এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হলদিয়া এলাকায় কয়েকদিন আগে স্থানীয় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত আবদুল মান্নান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে পুলিশকে জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top