রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি মাটিবাহী ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে সংশ্লিষ্ট চার ট্রাকচালককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) উপজেলার জানালীহাট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে চারটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকগুলোর চালক আবদুল করিম (২৪), মো. সাকিব (২৫), মো. আলমগীর (৩৪) এবং মো. জিহান (২২)-কে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জরিমানা আদায়ের পর ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নিয়ে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ইউএনও এস. এম. রাহাতুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধভাবে মাটি কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং বিভিন্ন ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। এ ধরনের কার্যক্রম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন






