চাটগাঁ নিউজ ডেস্ক: রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানির বিশেষ চালান কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হচ্ছে। সেনাবাহিনীর নেতৃত্বে গঠিত যৌথবাহিনীর নিরাপত্তায় শনিবার (৩ অক্টোবর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জ্বালানিবাহী বহরটি রওনা হয়।
বহরে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি, ডগ স্কোয়াড ও এপিবিএনের সদস্যরা রয়েছেন। এ ছাড়া রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞ দলের সদস্যরাও বহরের সঙ্গে রয়েছেন। তিনটি লরিতে ইউরেনিয়াম এবং অন্য একটি লরিতে প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহন করা হচ্ছে। বহর চলাচলের সময় মহাসড়কের একটি লেন যান চলাচলের জন্য সম্পূর্ণ ফাঁকা রাখা হচ্ছে।
এর আগে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে জটিলতা কাটিয়ে শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টা ৪৩ মিনিটে একটি বিশেষ কার্গো উড়োজাহাজে ইউরেনিয়ামের চালানটি ঢাকায় পৌঁছায়।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের জ্বালানি পুনঃসংযোজনের (রিফুয়েলিং) জন্য আরও দুটি চালানে পারমাণবিক জ্বালানি আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে দেশে এই জ্বালানি সরবরাহ করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো সরবরাহ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পের কাজ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে গেলে ডিসেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে। তবে এ সময়সীমা প্রকল্পের অগ্রগতি ও সংশ্লিষ্ট কারিগরি প্রস্তুতির ওপর নির্ভরশীল।
রাশিয়ার সহযোগিতায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের কার্যক্রম চলছে। জ্বালানি সরবরাহ ও পরবর্তী কারিগরি কার্যক্রম সম্পন্ন হলে রূপপুর কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে যাবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






