চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাঁর মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাটহাজারীর মেখল পুণ্ডরীক ধামে মারা যান তাঁর মা সন্ধ্যা রাণী ধর (৭১)। তাঁর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নে।
চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁদের মা মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসে সংক্রমণ, নিম্ন রক্তচাপসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। প্রায় এক মাস চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তাঁকে পুণ্ডরীক ধামে নেওয়া হয়।
তিনি বলেন, মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রয়াত মায়ের শেষকৃত্যে অংশগ্রহণের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে ভাই অঞ্জন কুমার ধরের আবেদনের পরিপ্রেক্ষিতে চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোল মঞ্জুর করা হয়েছে।
তিনি বলেন, আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে চিন্ময় কৃষ্ণ দাসকে হাটহাজারীর পুণ্ডরীক ধামে নেওয়া হবে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাটহাজারীর পুণ্ডরীক ধামের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। সড়কপথে একদিকে যেতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগতে পারে। ফলে যাওয়া-আসাতেই প্রায় তিন ঘণ্টা সময় প্রয়োজন হতে পারে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তী বলেন, ‘প্যারোলে মুক্তির জন্য আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলাম। আশা করি, শিগগিরই তিনি মুক্তি পাচ্ছেন।’
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল হোসাইন বলেন, ‘চিঠি পেয়েছি। জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমতি পেলে কারাগারে পুলিশ আসবে। পাঁচ ঘণ্টার জন্য মুক্তি দেওয়া হবে।’
এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে পুণ্ডরীক ধামে আনার প্রস্তুতিকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ‘চিন্ময়ের প্যারোলে মুক্তির পর তাঁকে হাটহাজারীতে আনা হবে। পুণ্ডরীক ধামে পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত রিজার্ভ ফোর্স আনা হচ্ছে।’
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) কাজী আমিনুর রশিদ বলেন, ‘চিন্ময় কৃষ্ণের মায়ের মৃত্যুর বিষয়টি জানার পর কমিশনার স্যার সবাইকে অ্যালার্ট করেছেন। ফিল্ড লেভেলে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। বন্দিকে আনা-নেওয়ার রুটে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।’
চাটগাঁ নিউজ/এমকেএন





