চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় মোটরসাইকেলের কাঠামোর ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮৪৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-৭। এ ঘটনায় নুরুল আলম প্রকাশ মুজাহিদ (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার নুরুল আলম কক্সবাজারের টেকনাফ থানার রংগীখালী এলাকার আব্দুর রহমানের ছেলে।
র্যাব জানায়, কয়েকজন মাদক কারবারি মোটরসাইকেলে করে ইয়াবার চালান নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আনোয়ারা উপজেলার সৈয়দ কুচাইয়ার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। আনোয়ারা এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় একটি মোটরসাইকেলের সামনের অংশে ‘ডেইলি বাংলাদেশ অবজারভার’ লেখা প্রেস স্টিকার দেখতে পান র্যাব সদস্যরা। পরে মোটরসাইকেলটিতে ব্যাপক তল্লাশি চালানো হলে এর অর্ধেক কাঠামো ও কাঠামোর ভেতরের একটি বাক্সে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবার সন্ধান মেলে।
সেখান থেকে মোট ৭ হাজার ৮৪৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫৫ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন এসব তথ্য জানান।
গ্রেপ্তার নুরুল আলমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





