মাদকাসক্ত ছেলের হামলায় প্রাণ গেল বৃদ্ধ বাবার, আটক ছেলে

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের মারধরে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহিম মিলন (৩৫) কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্ব টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু আহমদ (৬৫) স্থানীয় মৃত নুর ইসলামের ছেলে। হামলার সময় তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তার স্ত্রী জরিনা বেগমও।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পেশায় কৃষক আবু আহমদ বার্ধক্যজনিত কারণে কর্মক্ষম ছিলেন না। তার একমাত্র ছেলে ইব্রাহিম মিলন বিভিন্ন কাজের সঙ্গে জড়িত থাকলেও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকত।

ঘটনার রাতে বাড়ির পাশের একটি দোকান থেকে ফেরার পথে আবু আহমদের ওপর লাঠি নিয়ে হামলা চালায় মিলন। তার চিৎকার শুনে স্ত্রী জরিনা বেগম এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই আবু আহমদের মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, পারিবারিক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ইব্রাহিম মিলনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top