ভ্যান বসানো নিয়ে প্রতিবাদ, নিজ দলের কর্মীর হাতে যুবদল নেতার মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: রাস্তায় ভ্যান বসানোকে কেন্দ্র করে বিরোধের জেরে চট্টগ্রাম নগরীতে যুবদল নেতা ফজল আমিনকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে নিজ দলের এক কর্মীর বিরুদ্ধে। স্থানীয় একটি গ্রুপের ভাসমান ভ্যান বসিয়ে চাঁদা আদায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি হামলার শিকার হন বলে দাবি করেছেন নিহতের স্বজনরা।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে নগরীর চাঁদগাঁও থানার ওমর আলী মাতব্বর বাড়ি এলাকার একটি সড়কে এ ঘটনা ঘটে। নিহত ফজল আমিন (৩৫) ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়দের ভাষ্য, ওই এলাকায় একটি গ্রুপ দীর্ঘদিন ধরে সড়কের ওপর ভাসমান ভ্যান বসিয়ে চাঁদা আদায় করে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিলে সম্প্রতি একটি বৈঠকে ওই স্থানে ভ্যান না বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে শুক্রবার দুপুরে পূর্বের সিদ্ধান্ত উপেক্ষা করে আবারও সড়কে ভ্যান বসানোর চেষ্টা করা হয়। এতে বাধা দেন যুবদল নেতা ফজল আমিন। এ নিয়ে একপর্যায়ে তার সঙ্গে কয়েকজনের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তার স্বজনরা।

স্বজনদের দাবি, হামলার পর ফজল আমিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়। তবে কীভাবে এবং ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

এ ঘটনায় চাঁদগাঁও থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে নিহতের পরিবার। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

বিস্তারিত দেখতে সিপ্লাস টিভির ভিডিও নিউজে ক্লিক করুন……………………..

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top