বোয়ালখালীতে যাত্রী সেজে চালককে কুপিয়ে রিকশা ছিনতাই, গ্রেপ্তার ১

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় যাত্রী সেজে এক চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত রিগ্যান বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত রিগ্যান বিশ্বাস উপজেলার কধুরখীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রামদুলাল বৈদ্যের বাড়ির মৃত স্বপন বিশ্বাসের ছেলে।

শনিবার (৬ জুন) সকালে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জের (ওসি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে থানার ওসি মাহফুজুর রহমান এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে রিগ্যান বিশ্বাস যাত্রী সেজে গোমদণ্ডী তুলাতল এলাকা থেকে লালার দিঘির পাড়ে যাওয়ার কথা বলে একটি ব্যাটারিচালিত রিকশা ভাড়া করেন। পরে খোকার দোকান সংলগ্ন অশ্বিনী চন্দ্রের বাড়ির সামনে পৌঁছালে তিনি রিকশাচালক আবদুল নবীকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এরপর নীল রঙের মিশুক অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যান।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে চরণদ্বীপ এলাকা থেকে ছিনতাই হওয়া রিকশাটি উদ্ধার করা হয়।

ওসি মাহফুজুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআই (নিরস্ত্র) নিংওয়াই মারমার নেতৃত্বে পুলিশের একটি দল বোয়ালখালী ও চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডবলমুরিং থানাধীন মোগলটুলী বাজার এলাকা থেকে রিগ্যান বিশ্বাসকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ বুড়িশ্চর ধুপকুল এলাকা থেকে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বোয়ালখালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top