ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাইরা মনি (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নারায়নহাট ইউনিয়নের শৈলকূপা এলাকার পরানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইরা মনি স্থানীয় আবুল বশর মেম্বার বাড়ির বাসিন্দা আব্দুল হালিমের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি দোকানসংলগ্ন এবাদতখানার পুকুরপাড়ে খেলছিল সাইরা। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। পরে পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়নহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি পুকুরে পড়ে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিপুল চন্দ্র দে জানান, পরিবারের পক্ষ থেকে প্রথমে থানায় কোনো তথ্য দেওয়া হয়নি। পরে স্থানীয়ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন





