বোয়ালখালীতে ভাই হত্যায় মা-ছেলের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরায় বড় ভাইকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার প্রধান অভিযুক্ত এখনও পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে নিহত মো. নেজাম উদ্দিনের (৩৮) স্ত্রী মোছাম্মৎ পারিয়া তানহা মাইমা বাদী হয়ে বোয়ালখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় নিহতের ছোট ভাই মো. জামাল উদ্দিন সুমনকে (৩৬) প্রধান আসামি করা হয়েছে। এছাড়া শাশুড়ি হালিমা বেগম (৭০) এবং দেবরের স্ত্রী সানজিদা আক্তার পপিকেও (২৬) আসামি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরার ঘোষখীল গ্রামের আছাদ তালুকদার বাড়িতে পারিবারিক বিরোধের এক পর্যায়ে কোদালের আঘাতে নিহত হন মুদি দোকানদার নেজাম উদ্দিন। তিনি ওই এলাকার মৃত আবদুল হালিমের বড় ছেলে।

ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, পারিবারিক কলহকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত দুই আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত জামাল উদ্দিন সুমনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top