স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হওয়ার পর চলতি বছরেই আবারও মাঠের লড়াইয়ে নামতে পারে স্পেন ও আর্জেন্টিনা।
ইএসপিএন আর্জেন্টিনা ও ডিএসপোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচটি আগামী নভেম্বরে কাতারের ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, কাতার সরকারের মালিকানাধীন লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের বিষয়ে ফিফারও আগ্রহ রয়েছে। ফলে চলতি বছরের মধ্যেই এই হাই-ভোল্টেজ ম্যাচ আয়োজনের পথ অনেকটাই সুগম হয়েছে।
এর আগে চলতি বছরের ২৭ মার্চ কাতারে ফিনালিসিমা আয়োজনের পরিকল্পনা ছিল। তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, ভ্রমণ-সংক্রান্ত জটিলতা এবং আঞ্চলিক রাজনৈতিক উত্তেজনার কারণে সেই পরিকল্পনা স্থগিত করা হয়।
বিশ্বকাপে স্পেনের কাছে আর্জেন্টিনার ফাইনাল পরাজয়ের পর দুই দেশের ফুটবল ফেডারেশন এবং সংশ্লিষ্ট কনফেডারেশনগুলোর মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনার ফলেই ম্যাচটি আবারও আন্তর্জাতিক ফুটবল ক্যালেন্ডারে ফিরতে পারে বলে জানা গেছে।
তবে এই ফিনালিসিমার সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসিকে ঘিরেই। সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর জাতীয় দলের হয়ে তার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। তিনি আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন, নাকি অবসরের ঘোষণা দেবেন—সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি।
যদি মেসি জাতীয় দল থেকে অবসর নেন, তাহলে স্পেন-আর্জেন্টিনার এই মহারণের আকর্ষণ কিছুটা কমতে পারে। তবে সবকিছু ঠিক থাকলে এবং নভেম্বরে ম্যাচটি অনুষ্ঠিত হলে, বিশ্ব ফুটবল ভক্তদের জন্য এটি হবে বছরের অন্যতম আকর্ষণীয় লড়াই।
চাটগাঁ নিউজ/এমকেএন





