ক্রীড়া ডেস্ক: নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। যেটা ক্রিকেটারদের ওপর বড় প্রভাব ফেলেছিল। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন মন্তব্য করেছিলেন, দলের অনেক ক্রিকেটারই তখন মানসিকভাবে ‘কোমায়’ চলে গিয়েছিলেন।
তবে দীর্ঘ বিরতি ও ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততায় সেই ট্রমা কাটিয়ে উঠেছে দল। টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, সেই মানসিক ধাক্কা কাটিয়ে দল এখন ‘মুভ অন’ করেছে।
লিটন বলেন, ‘হ্যাঁ, আমরা অবশ্যই মুভ অন করেছি। আন্তর্জাতিক আসর সব সময় খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ। তবে এখন আমরা সামনের দিকে তাকাচ্ছি এবং বাংলাদেশের হয়ে সেরাটা দেওয়ার মনোভাব নিয়েই মাঠে নামব।’
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত লিটনের অধিনায়কত্বের মেয়াদ থাকলেও বোর্ড তা বাড়িয়ে ২০২৮ পর্যন্ত করেছে। আগামীকাল (সোমবার) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নামছে বাংলাদেশ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লিটন জানান, তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখন ২০২৮ বিশ্বকাপ নিয়ে। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ২০২৮ বিশ্বকাপ। আমরা জানি সেটি এশিয়ায় হবে না, তাই প্রস্তুতিটাও সেভাবে নিতে হবে। আগের বিশ্বকাপের আগে আমাদের বন্ডিং ও প্রস্তুতি খুব ভালো ছিল, সেই ধারাবাহিকতা বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ।’
গত ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। লম্বা বিরতির পর সংক্ষিপ্ত ফরম্যাটে ফিরলেও কোনো বাড়তি চাপ নিচ্ছেন না অধিনায়ক। লিটন বলেন, ‘অনেকদিন পর টি-টোয়েন্টি খেলছি। প্রথম দুই ম্যাচ খেললেই সবাই যার যার পজিশন বুঝে যাবে। এ বছর ভালো কিছু দলের বিপক্ষে আমাদের ব্যাক টু ব্যাক ৯টি টি-টোয়েন্টি আছে, যা আমাদের প্রস্তুতির জন্য বড় ইতিবাচক দিক।’
চাটগাঁ নিউজ/জেএইচ






