বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার চবি শিক্ষার্থী 

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় মো. ইকরাম ওয়াহিদ তোহা নামে চবির স্নাতকোত্তরের ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে হাটহাজারী থানা পুলিশ।

ভুক্তভোগী ওই ছাত্রী গত ১৮ সেপ্টেম্বর হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) মামলার বিষয়টি জানাজানি হয়।

অভিযুক্ত তোহা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি হাটহাজারীর ১১ নম্বর ফতেপুর ইউনিয়নের ২ নম্বর গেট সংলগ্ন আনোয়ার ম্যানশনের একটি ভাড়া বাসায় থাকেন। মামলার বাদীও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি একই শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের ছাত্রী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তোহার সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্ক প্রায় পাঁচ বছর ধরে চলছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় বিয়ের আশ্বাস দিয়ে ওই ছাত্রীর সাথে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করেন অভিযুক্ত শিক্ষার্থী।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top