উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় সাগরপাড় থেকে এক দিনে তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া নৌকার ঘাট এলাকা থেকে একটি এবং মনখালী সমুদ্রসৈকত থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পৃথক স্থান থেকে মরদেহ তিনটি উদ্ধার করেন। সকাল সাড়ে ৭টার দিকে মাদারবুনিয়া ও মনখালী এলাকায় স্থানীয়রা মরদেহগুলো দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, বৈরী আবহাওয়ার কারণে সাগরে নৌকা ডুবে ওই তিন ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং প্রয়োজনীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে না বলে জানিয়েছে পুলিশ।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি মরদেহ উদ্ধার করে। মরদেহগুলোর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, পৃথক দুটি স্থান থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাগরে নৌকাডুবির ঘটনায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন






