চাটগাঁ নিউজ ডেস্ক : বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মহাব্যবস্থাপক (অর্থ) মোরশেদ হোসাইন আজাদকে অবাঞ্ছিত ঘোষণা করে অপসারণের দাবিতে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) সর্বস্তরের শ্রমিক-কর্মচারীরা।
রোববার ১১টায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এসএওসিএলের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা এসব কর্মসূচি ঘোষণা করেন। একই সঙ্গে মোরশেদ হোসাইন আজাদের বিরুদ্ধে অভিযোগ করা বিভিন্ন অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তারা।
সমাবেশে এসএওসিএল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. কায়সার হামিদ মোরশেদ হোসাইন আজাদকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ তুলে ধরেন।
কায়সার হামিদ অভিযোগ করেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন আজাদ বয়স জালিয়াতি ও ভুয়া অভিজ্ঞতার সনদ দিয়ে বিপিসিতে চাকরি নিয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিপিসিকে নিয়ন্ত্রণ করে তিনি বিভিন্ন অনিয়ম-দুর্নীতি করেছেন। তেল আমদানির এলসি খুলে ব্যাংক থেকে সুবিধা নেওয়া এবং বেসরকারি রিফাইনারি থেকে অর্থ আদায়ের মতো অনিয়মে তিনি জড়িত ছিলেন ।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর মোরশেদ হোসাইন আজাদ রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে বিপিসিতে তার প্রভাব ধরে রেখেছেন। ২০২৪-২৫ অর্থবছরে ব্যাংকে তেল আমদানির এলসির অর্থ পরিশোধের ক্ষেত্রে ডলারের মূল্য হেরফের করে সরকারের ৩৬৩ কোটি টাকা ক্ষতি এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলো থেকে বিপুল অর্থ নেওয়ার অভিযোগও করেন তিনি। পাশাপাশি বিপিসির বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনাসহ বিভিন্ন কোম্পানির ডিপো থেকে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগ তোলেন কায়সার।
কায়সার হামিদ বলেন, জালিয়াতির মাধ্যমে বয়স কমিয়ে এবং ভুয়া অভিজ্ঞতার সনদ দিয়ে ২০০৯ সালে চাকরি নেওয়া মোরশেদ হোসাইন আজাদ বর্তমানে শত কোটি টাকার মালিক হয়েছেন। অল্প সময়ে একের পর এক পদোন্নতি নিয়ে বিপিসির গুরুত্বপূর্ণ পদ দখল করেছেন।
তিনি বলেন, মোরশেদ হোসাইন আজাদ এর আগে এসএওসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানটিকে আর্থিকভাবে দুর্বল করে দিয়েছিলেন। এবার তাকে কোনোভাবেই কোম্পানিতে ঢুকতে দেওয়া হবে না। তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো এবং অবিলম্বে বিপিসি থেকে অপসারণ করতে হবে। দাবি না মানলে কর্মবিরতি ও বিপিসি কার্যালয় ঘেরাও করা হবে। প্রয়োজনে আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচিও দেওয়া হবে।
সমাবেশে বক্তব্য দেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, সহসভাপতি মো. শাহজাহান, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মো. মহিন উদ্দিনসহ অন্যরা।
চাটগাঁ নিউজ/এসএ






