চাটগাঁ নিউজ ডেস্ক : বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে স্থানীয় দুটি পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পিতবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোহাম্মদ জিল্লুর রহমান (৩০)। তার বাড়ি সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরলের বেড়িবাঁধ এলাকায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, উপজেলার সরল ইউনিয়নে মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে মাছের ঘের ও লবণ মাঠের দখল নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল দিবাগত রাতে মাছের ঘের দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অংশ নেন। এর এক পর্যায়ে জিল্লুর রহমানের শরীরে প্রতিপক্ষের ছোড়া গুলি এসে লাগে।
সরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোকসানা আক্তার বলেন, ‘মাছের ঘের দখল নিয়ে স্থানীয় মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় গুলিতে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সংঘর্ষে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।’
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, ‘বাঁশখালীতে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার লাশ হাসপাতালে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় রাতে বাঁশখালীর এক যুবককে হাসপাতালে আনা হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটগাঁ নিউজ/এসএ





