ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ঘোষিত ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় হেঁয়াকো বাজারে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে বিকেল থেকেই সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ হেঁয়াকো বাজারে জড়ো হন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হেঁয়াকো বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজারের কেন্দ্রীয় মোড়ে এসে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর জনস্বার্থ, ভৌগোলিক বাস্তবতা এবং জনগণের সুবিধা বিবেচনায় একটি যৌক্তিক স্থানে স্থাপন করতে হবে। তারা আগামী ২৬ ও ২৭ জুলাই ঘোষিত ৪৮ ঘণ্টার হরতাল সর্বাত্মকভাবে সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, জনগণের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।
পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট তিন ইউনিয়নের বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন





