ফটিকছড়িতে বৃদ্ধ বাবা-মাকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে পানের সাথে বিষ মিশিয়ে ৯৫ বছর বয়সী বৃদ্ধ বাবা ও ৭৫ বছর বয়সী মাকে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তাদেরই বড় মেয়ের বিরুদ্ধে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ ঘটনার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়।

ভূজপুর ইউনিয়নের রোসাইংগে ঘোনা খদ্দডেবা গ্রামের বাসিন্দা ৯৫ বছর বয়সী আব্দুল মালেক ও তার স্ত্রী শরিফা বেগম। ডিভোর্সের পর থেকে অষ্টম শ্রেণী পড়ুয়া কন্যাকে নিয়ে তাদের সাথে বসবাস করছিলেন বড় মেয়ে কদবানু।

অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে বৃদ্ধ বাবা-মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন মেয়ে। এমনকি বাবার দাড়ি ধরে টানাটানি এবং বুকের ওপর বসে মারধরের মতো অভিযোগও করেন তারা।

সর্বশেষ, খাবারের সাথে বিষ মিশিয়ে তাদের মেরে ফেলার চেষ্টা করা হলে বুধবার দুপুরে ন্যায়বিচারের আশায় ভূজপুর ইউনিয়ন পরিষদে যান এই অসহায় দম্পতি। তবে বিষয়টি অস্বীকার করেন মেয়ে কদবানু। পরবর্তীতে ভূজপুর থানা পুলিশ বৃদ্ধ দম্পতি ও অভিযুক্ত মেয়েকে থানায় নিয়ে যায়। ওসি বিপুল চন্দ্র দে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি আপস-মীমাংসা করে দেন।

ওসি জানান, যেহেতু কোন সাক্ষী প্রমাণ নেই- তাই বিষের বিষয়টি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগে মেয়ে বাবা-মায়ের সাথে একই ঘরে থাকত। এখন থেকে মেয়েকে আলাদা জায়গায় বসবাস করতে হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top