ফটিকছড়িতে বিষপানে প্রাণ হারালেন নববিবাহিত যুবক

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে বিষপানে মোহাম্মদ পারভেজ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিয়ের প্রায় দেড় মাসের মাথায় ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত পারভেজ উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোম্পানিটিলা এলাকার নুর আহমদ মুন্সির বাড়ির বাসিন্দা এবং মোহাম্মদ আলম সওদাগরের ষষ্ঠ সন্তান।

পারিবারিক সূত্র ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গতকাল বিষপান করার পর পারভেজ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল আনুমানিক ১০টার দিকে তিনি মারা যান।

স্থানীয়দের দাবি, সম্প্রতি তার নববিবাহিতা স্ত্রী অন্যত্র চলে যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং গভীর হতাশায় ভুগছিলেন। এর জের ধরেই তিনি বিষপান করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, পারভেজ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। গতকাল তিনি বিষপান করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন

Scroll to Top