চার বছরের শিশুকে ধর্ষণ: অভিযোগপত্র আমলে নিল ট্রাইব্যুনাল

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।

সোমবার (৮ জুন) ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমা এ আদেশ দেন। একইসঙ্গে মামলার একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য মঙ্গলবার (৯ জুন) দিন নির্ধারণ করা হয়েছে। শুনানির সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। গত ৪ জুন মামলার অভিযোগপত্র প্রসিকিউশন শাখায় জমা দেওয়া হয়েছিল।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুক্তভোগী শিশুর চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ পরীক্ষার ফলাফল, সাক্ষীদের জবানবন্দি এবং আসামির স্বীকারোক্তির ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এসব তথ্য-প্রমাণ পর্যালোচনা করে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলায় ১৩ জনকে সাক্ষী করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তানভীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ, সাক্ষ্য গ্রহণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত নথি সংগ্রহ করেন। পাশাপাশি ভুক্তভোগী শিশু ও অভিযুক্তের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।

উল্লেখ্য, গত ২১ মে বিকেলে বাকলিয়ার নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার একটি গুদামকক্ষে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। পরদিন অভিযুক্ত মনির হোসেনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একইসঙ্গে ভুক্তভোগী শিশুর জবানবন্দিও আদালতে রেকর্ড করা হয়।

এদিকে অভিযুক্তকে গ্রেপ্তারের সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশের ওপর হামলা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পৃথক একটি মামলায় ৫৮ জনের নাম উল্লেখসহ আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top