চাটগাঁ নিউজ ডেস্ক : ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতলী এলাকায় বিআরটিসি বাস, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয়।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুহাম্মদ শাহজাহান (৪৮) ও মুহাম্মদ আরিফ (১৮)। তারা উপজেলার উত্তর পাইন্দং এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বিআরটিসি বাস ও একটি সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত হন শাহজাহান ও তার ছেলে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক জানান, মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে আমতল এলাকায় দ্রুতগতির বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে বাবা-ছেলে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিআরটিসি বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
চাটগাঁ নিউজ/এসএ





