প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে হত্যা, যুবক গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক : প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় নগরের খুলশী থানার ইউএসটিসি হাসপাতালের ভবনের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত তরুণীর নাম রিয়া আক্তার রিতা (২০)। গ্রেপ্তার যুবকের নাম আব্দুর রহমান শেখ (২১)।

রবিবার (২৪ মে) ফেনীর সোনাগাজী উপজেলার বাদামতলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শনিবার (২৩ মে) রাতে হত্যার এ ঘটনা ঘটে।

রিয়া আক্তার রিতা নগরের পাহাড়তলি এলাকায় পরিবার নিয়ে থাকতেন এবং সিডিএ মার্কেট এলাকার একটি গার্মেন্টসে কাজ করতেন। গ্রেপ্তার আব্দুর রহমান শেখ বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ভাটখালি এলাকার শেখ বাড়ির মৃত সোহরাব শেখের ছেলে। তিনি নগরের আকবরশাহ থানার এ/পি-ফয়েজ লেক আব্দুল হামিদ সড়কের শামীমের বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ জানিয়েছে, একই প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে আব্দুর রহমান শেখের সঙ্গে রিতার পরিচয় হয়। কয়েক মাস আগে মারামারির ঘটনায় আব্দুর রহমানের চাকরি চলে যায়। এরপরও তিনি রিতাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ পরিবারের।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, শনিবার (২৩ মে) রাতে গার্মেন্টস ছুটির পর কৌশলে রিয়াকে ফয়’স লেক এলাকায় নিয়ে যান আব্দুর রহমান। পরে গুরুত্বপূর্ণ কথা আছে বলে তাঁকে ইউএসটিসি মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ভবনের উত্তর পাশের পাঁচতলার গ্রিলবিহীন সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে রিয়াকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় রিতার মা জমিলা বেগম খুলশী থানায় হত্যা মামলা করেন।

তিনি আরও বলেন, রোববার গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর সোনাগাজী উপজেলার বাদামতলি এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আব্দুর রহমান শেখকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চাটগাঁ নিউজ/এসএ

 

Scroll to Top