পোড়া তেল ও ক্ষতিকর রং: চুয়েট গেইটে ৪ রেস্টুরেন্টকে জরিমানা

রাউজান প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গেইট এলাকায় শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে চারটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, বাসি ও ক্ষতিকর রং মিশ্রিত খাবার, পুরোনো ও পোড়া তেল এবং ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চট্টগ্রাম-কাপ্তাই সড়কসংলগ্ন চুয়েট গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়াসিন, রাউজান উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস এবং নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. আনিছুজ্জামান উপস্থিত ছিলেন।

অভিযানে চুয়েট গেইটসংলগ্ন বাচা বাবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও আইমিন’স কিচেনকে ৬০ হাজার টাকা, জেস্টো রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং চাঁদপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। চার প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান শেষে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে চুয়েট গেইট এলাকার কয়েকটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে খাবার প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি ও ক্ষতিকর রং মিশ্রিত খাবার, পুরোনো ও পোড়া তেল এবং ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের মতো অনিয়ম পাওয়া গেছে।

তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করতে এসব অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রেস্টুরেন্ট মালিকদের উদ্দেশে তিনি বলেন, নিরাপদ খাদ্য সংরক্ষণ, প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উপাদান ব্যবহার কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন

Scroll to Top