চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়া উপজেলায় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে আদিল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে উজানটিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেকুয়ার চর নতুনঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আদিল ওই এলাকার লবণ চাষী মোহাম্মদ হানিফের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু আদিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আদিলকে মৃত ঘোষণা করেন।
উজানটিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন মোহাম্মদ রুবেল জানান, পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





