পদ্মা সেতুর ওপরে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ৮

চাটগাঁ নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেছে। এ ঘটনায় বাসটির অন্তত আট যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের ভেতরে কয়েকজন যাত্রী আটকা পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে পদ্মা সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে মাগুরা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা নিউ গ্রীন লাইন এক্সপ্রেস-এর বাসটি পদ্মা সেতুর ঢালে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারানোর পর বাসটি সড়কের পাশের রেলিংয়ে জোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর বাসটির ভেতরে কয়েকজন যাত্রী আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। পরে আট আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর ওই পথে যান চলাচল স্বাভাবিক করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top