পাঁচলাইশে পার্কিং থেকে চুরি হওয়া গাড়ি ১২ ঘণ্টায় উদ্ধার, আটক ১

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকা থেকে চুরি হওয়া একটি প্রাইভেটকার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. ইব্রাহিম (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ইব্রাহিম কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে তিনি চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, ১৬ এপ্রিল ভোরে পাঁচলাইশ থানার আওতাধীন একটি বাসার পার্কিং এলাকা থেকে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের একটি টয়োটা প্রিমিও প্রাইভেটকার চুরি হয়। ঘটনার পরদিন, ১৭ এপ্রিল, পাঁচলাইশ মডেল থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তভার পায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগ। তদন্তের অংশ হিসেবে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে চুরি হওয়া গাড়িসহ মো. ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-কমিশনার হাবিবুর রহমান জানান, উদ্ধার করা গাড়িটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা বা এটি কোনো সংঘবদ্ধ চক্রের কাজ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, গাড়ি চুরির সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top