‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরবে মেরিটাইম ক্যাডেটরা’

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মেরিটাইম ইনস্টিটিউটে ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সমুদ্র খাতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরবে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক বিশ্বে সমুদ্র খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং দক্ষ জনশক্তির মাধ্যমে বাংলাদেশ এ খাতে আরও এগিয়ে যেতে চায়।

মন্ত্রী আরও বলেন, শিক্ষা কেবল জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের শারীরিক ও মানসিক পূর্ণ বিকাশের মাধ্যম। মেরিটাইম ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, তারা শুধু ব্যক্তি নয়, বরং দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। বিশ্বের বিভিন্ন বন্দরে দায়িত্ব পালনকালে তাদের আচরণ ও দক্ষতার মাধ্যমে দেশের ভাবমূর্তি তুলে ধরতে হবে।

তিনি উল্লেখ করেন, সমুদ্রে কাজ করতে গেলে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে এই প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটরা সেই চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করেছে। জাহাজ পরিচালনা কিংবা নৌ চলাচলের যেকোনো ক্ষেত্রে পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু একাডেমিক শিক্ষার ওপর নির্ভরতা অনেক সময় বেকারত্ব বাড়ায়। এর বিপরীতে দক্ষতাভিত্তিক শিক্ষা কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। ১৯৯০-এর দশকে প্রতিষ্ঠিত মেরিটাইম প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে ইতোমধ্যে হাজারো দক্ষ জনবল তৈরি হয়েছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছে। ভবিষ্যতে এ খাত আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় তিনি ক্যাডেটদের স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শ দেন এবং দীর্ঘসময় রোদে থাকার কারণে সানস্ক্রিন ব্যবহারের কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পাসিং আউট প্যারেডে ক্যাডেটদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও দক্ষতা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top